নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৮

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারি, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মাদকসংক্রান্ত ঘটনায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানায় ১৩, ফতুল্লা মডেল থানায় ১০, সিদ্ধিরগঞ্জে ১৫, বন্দর থানায় ৮, রূপগঞ্জ থানায় ৬, সোনারগাঁও থানায় ১৪ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করে। অভিযানে সদর থানায় ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

ফতুল্লা মডেল থানায় ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ২ জনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

বন্দর থানায় ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, দুই মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন ও অন্যান্য আইনে তিনজনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপগঞ্জ থানায় ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ও অন্যান্য আইনে একজনসহ ৬ জন এবং সোনারগাঁও থানায় ৭ জন মাদকসেবী, মাদক মামলায় একজন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও অন্যান্য আইনে এক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন