নারায়ণগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে ৭৫০ পুলিশ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

নারায়ণগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ২৪৯ পূজামণ্ডপে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল ব্যবস্থা থাকবে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সভায় হিন্দু নেতারা জানান, এবার জেলায় ২৪৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজও চলছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেওয়া হয়। 

পুলিশ জানায়, গত বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার নিরাপত্তা আরও জোরদার করে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্যকে সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্বে রাখা হবে। একই সঙ্গে প্রতিমা তৈরির স্থান থেকে প্রতিমা মণ্ডপে নেওয়ার সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। পূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ প্রতিরোধেও পুলিশের বিশেষ টহল টিম মাঠে থাকবে। 

সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের বিষয় নেই। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন