নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য, ৭ মাদক ব্যবসায়ী, ৬০ মাদকসেবী ও অন্যান্য অপরাধে ২০ জনসহ মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিভিন্ন এলাকায় দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর মডেল থানা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৫ জন মাদকসেবী, ১৬৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজন রয়েছেন। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৭ মাদকসেবী, ২ মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে ৪ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ ৬ জন গ্রেপ্তার হন।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য ও অন্যান্য অপরাধে ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬ মাদকসেবী, একটি চাকুসহ ৩ ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ ২৩ জন গ্রেপ্তার হয়েছেন।
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ২ মাদকসেবী ও ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ২ মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার হন। একই সময়ে ডিবি পুলিশের অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ ৮ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্যমতে, সাত থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৯১ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে ২০ জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
