নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আইয়ুব হোসেন (৩৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মাস্টারপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০)। বর্তমানে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়ায় আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অন্যজন কাঁচপুর উত্তরপাড়া এলাকার মো. জামির হোসেন (৫৭)।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ওষুধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙাড়ি গোডাউনের পূর্ব পাশে একটি ডোবা থেকে সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তার ভেতর রক্তাক্ত অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিনুর ইসলাম ও জামির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহীন ও জামিরসহ আরও কয়েকজন আইয়ুব হোসেনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার বিনিময়ে শাহিনুরকে ব্যবহার করে আইয়ুবকে তার ভাঙাড়ির দোকানে প্রবেশ করানো হয়। সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘গ্রেপ্তার শাহিনুর ইসলাম নিজের দোষ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
