নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে শুধু আইন ও নীতিমালা প্রণয়ন নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে অংশীজনদের নিয়ে সংলাপের আয়োজন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে ‘নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রতিষ্ঠান, আইনি সহায়তা প্রদানকারী, মানবাধিকার ও বেসরকারি উন্নয়ন সংস্থা, সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি সংলাপের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তাহমিনা রহমান বলেন, ‘মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন আইন, নীতি এবং সরকারি ও বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ে এখনো কিছু ঘাটতি লক্ষ করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে শেল্টার হোমের সংখ্যা অপ্রতুল, খুবই নগণ্য। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদেরও শেল্টার সাপোর্ট প্রয়োজন।’

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজমিন সুলাতানা। উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগম, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি)-এর সমন্বয়কারী ডা. তাইয়েবা সুলতানা, নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার সহকারী পরিচালক প্রবীর দত্ত ও নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর ডেপুটি টিম লিডার ক্যাটরিনা কইনিগ।

অংশগ্রহণকারীদের প্রস্তাবিত সুপারিশের মধ্যে ছিল প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক জনসচেতনতা কার্যক্রম বাড়ানো, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষকে সুরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, রেফারেল সিস্টেম আরও শক্তিশালী করা এবং অনলাইনে নারী, শিশু ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা বিষয়ে ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন