নিরপেক্ষ ভেন্যুতে প্রথমবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, বিশ্বে কততম?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে কোন টেস্ট খেলবে টাইগাররা। আগামীকাল আবুধাবিতে মাঠে গড়াচ্ছে এই টেস্ট।

বিশ্ব ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাওয়া ১২তম দল হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে ৩৯টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে জয় ১৯টিতে।

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ক্ষেত্রে পাকিস্তানের পরেই অবস্হান অস্ট্রেলিয়ার, যদিও অজিরা বেশ পিছিয়ে এখানে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলেছে অজিরা, যার মধ্যে জয় এসেছে ৭টিতে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল ১০টি টেস্টও খেলেনি নিরপেক্ষ ভেন্যুতে। সবচেয়ে কম খেলেছে ভারত, মাত্র ২টি। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হচ্ছে আগামীকাল থেকে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এবার টেস্ট খেলার অভিজ্ঞতা পাবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও টাইগারদের বেশ গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ঘরের মাঠে ২২৪ রানে হেরেছিল টাইগাররা। ২০২৩ সালে ঘরের মাঠেই ৫৪৬ রানে আফগানদের হারায় বাংলাদেশ। আবুধাবিতে টেস্টের পর শারজা ও আবুধাবিতে জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

নিরপেক্ষ ভেন্যুতে সবচেয়ে বেশি টেস্ট:

পাকিস্তান ৩৯ টেস্ট ১৯ জয় ১২ হার ৮ ড্র

অস্ট্রেলিয়া ১৪ টেস্ট ৭ জয় ৫ হার ২ ড্র

শ্রীলঙ্কা ৯ টেস্ট ৩ জয় ৩ হার ৩ ড্র

নিউজিল্যান্ড ৭ টেস্ট ৪ জয় ২ হার ১ ড্র

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন