নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুবিধার্থে প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
ইসি কর্মকর্তারা বলেন, সরকার অনুমোদিত সব গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। এ লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির প্রস্তুত করা তালিকা অনুযায়ী, টেলিভিশনের অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি এবং অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৬৩টি।
এ ছাড়া ছাপা সংবাদপত্রের মধ্যে রয়েছে দৈনিক ১ হাজার ৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষাণ্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা দাঁড়াচ্ছে ৩ হাজার ৩৪৭টি। এর মধ্যে ঢাকায় প্রকাশিত পত্রিকা ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত ১ হাজার ৯৩৫টি।
সব মিলিয়ে মোট ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এসব গণমাধ্যম সংবাদ সংগ্রহ ও প্রচারের সুযোগ পাবে।
