দেশে নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চার জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনও নির্বাচনের পরিবেশ ভালো।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ২০১৪ সালের আগে নির্বাচনে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছেন। সেই হিসেবে নির্বাচনী পরিবেশ ভালো। রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এই ঘটনায় জড়িতদের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারের কাজ করছে পুলিশ। সেইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।
