নির্বাচনের দিনে কোনো অঘটনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে, ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার কর্মকর্তাদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য নির্বাচনে যে সহিংসতা হয়েছে, এবার তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সব স্বাভাবিক রয়েছে। নির্বাচনের দিনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখানকার প্রস্তুতি অনেক ভালো। কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর পর সুরক্ষা অ্যাপ চালু হয়ে যাবে। ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাউন্ডারি দেওয়া হয়েছে। আমি আশা করছি, নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
