নির্বাচনে ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেট চালু রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্টারনেট বন্ধ করার চেষ্টাকারীকে আইনের আওতায় আনা হবে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পরিকল্পনা হলো ইন্টারনেট খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, নির্বাচনটি লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে। আমরা এজন্য চেষ্টা করে যাচ্ছি।

দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে। তাদের প্রস্তুতি অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন খুবই সুষ্ঠু, উৎসবমুখর ও ন্যায্য হবে।

ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে স্বাধীনতার প্রশংসা করে উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন। আগের মতো নিয়ন্ত্রণ নেই।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মুখ খোলা। সত্যি কথা প্রকাশের জন্যই আপনাদের কাজ। আপনারা সত্য তথ্য প্রকাশ করলে জনগণ সঠিক তথ্য পাবে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সহিংসতার অনেকটাই দলীয় দ্বন্দ্ব থেকে ঘটছে। রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন হতে হবে।

চট্টগ্রামে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানান তিনি। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর