নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনও স্কোপ নেই। দুই হচ্ছে, তাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনও ব্যক্তি শপথ পড়াবেন।

সেটা আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি, এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনি হতে পারেন। আর তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন