নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আইফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে মোবাইলটি ভেঙে ফেলেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান। 

বিদ্যালয় সূত্র জানা যায়, সম্প্রতি মোবাইল ফোন বিদ্যালয়ে আনতে নিষেধ করে নোটিশ দেয় প্রতিষ্ঠানটি। নোটিশ অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে হাজির হয়। পরে ওই শিক্ষক আইফোন-৬ মডেলের ফোনটি উদ্ধার করে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠে ভেঙে ফেলেন। 

শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান বলেন, ‘বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ- এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে এবং সব শিক্ষার্থীকে তা পড়ে শোনানো হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।’

নোটিশে উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা বিনষ্ট করা হবে। গত ৯ সেপ্টেম্বরের নোটিশটিতে বলা হয়, বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান এবং পরিপাটি ও ছোট চুল রেখে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। 

নোটিশে আরও বলা হয়, কোনো শিক্ষার্থীর টিকটক আইডি থাকা বা টিকটকে ভিডিও কনটেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 

সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান বলেন, ‘শৃঙ্খলা রক্ষার্থে একটি ফোন ভেঙে সব শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।’

তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার বলেন, ‘আগে নোটিশ দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবককে সতর্ক করা হয়েছে। বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া বলেন, ‘খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব। এটা আমার জানা নেই।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন