নেতায় বলে হ্যাঁ- কর্মীরা বলে না, এটা কেমন দল: বিএনপির উদ্দেশে রাশেদ প্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, নেতায় বলে হ্যাঁ, কর্মীরা বলে না-এটা কেমন দল রে ভাই? নেতার কথা কর্মীরা শোনে না-এটা কেমন মার্কা রে ভাই ?

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জামায়াতের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, লন্ডন থেকে এক মুফতি এসেছেন। মুফতি সাহেব আসার পরে বহু কষ্টে তার মুখ থেকে ‘হ্যাঁ’ কথাটি বের হয়েছে। আর তার বাকী নেতাকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বলে বেড়াচ্ছে ‘না’।

তিনি আরও বলেন, লন্ডনের মুফতি আসার পর বললেন-‘আই হ্যাভ এ প্লান’। কী পরিকল্পনা জনগণ বুঝে গেছে। আমিরে জামায়াতের আইডি হ্যাক করে উল্টাপাল্টা কথা বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে। আমার মা-বোনদের গায়ে হাত দিচ্ছে তারা, প্রশাসনকে দখল করছে। বড় বড় মিডিয়াগুলোকে দখল করেছে। বিএনপি নেতা বলেছে-যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের নিয়ে রাষ্ট্রীয় সংস্থা পুলিশ, ডিজিএফআই ও এনএসআই জরিপ করেছে। সকলকে নিয়ে আগামীর ভোট বাক্স দখল করে ক্ষমতায় যেতে চায়-এটাই হচ্ছে লন্ডনের মুফতির ‘আই হ্যাভ এ প্লান’।

তিনি তরুণ ও যুবকদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ওই লুটেরা বিএনপি নিশ্চিত পরাজয় বুঝে যদি আগের মতো ভোট বাক্স ছিনতাই করতে আসে, তাহলে তিতুমীরের বাঁশেরকেল্লার মতো একটি করে বাঁশ হাতে রাখবেন এবং প্রতিরোধ করবেন।

রাশেদ প্রধান বলেন, আমরা বুলেটপ্রুফ কাঁচের ওপারে থাকা নেতা চাই না। জনগণের সঙ্গে যারা মিশতে পারে, হাত মিলাতে পারে, বুক মিলাতে পারে- এরকম জনগণের নেতাকেই আমরা ক্ষমতায় চাই। স্যুট-টাই-কোট পরা লোক আমাদের দরকার নেই। ধানক্ষেতে হাঁটতে পারবে-ওই মানুষ আমাদের দরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য রাজপথের মানুষ। আমরা নতুন সমাজ গড়তে চাই। মুসলমান-হিন্দু বিভেদ করবো না। পূজার জায়গায় পূজা হবে, নামাজের জায়গায় নামাজ হবে। সবাই মিলে গড়বো বৈষম্যহীন সমাজ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল আলম (সুফিউল্লাহ সুফি), পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেত, সেক্রেটারি মো. বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদ পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন