‘পরিবারের ভুল ও ওঝার ভণ্ডামি’তে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ এএম

সাপের কামড়ে পারিবারিক ভুল চিকিৎসা ও ওঝার ভণ্ডামির কারণে প্রাণ গেল ৩ বছরের এক নিষ্পাপ শিশুর। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খৈয়া গোখরা সাপের বাচ্চার কামড়ে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় অসচেতনতার কারণে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় নিয়োজিত সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাতীবান্ধায় শিশুটিকে সাপে কাটার পর পরিবারের সদস্য সদস্যরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে প্রাথমিক প্রতিষেধক হিসেবে আক্রান্ত স্থানে পেট্রোলিয়াম জেলি (মেরিল) লাগিয়ে দেন। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে না নিয়ে চিকিৎসার নামে কালক্ষেপণ করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, সাপে কাটার খবর পেয়ে তাদের সংগঠনের লালমনিরহাট প্রতিনিধি ও সম্মানিত পরিচালক শাহজাহান স্থানীয় হাসপাতালে যোগাযোগ করে আগে থেকেই ‘অ্যান্টিভেনম’ প্রসংস্থানের সব প্রস্তুতি সম্পন্ন করিয়ে রাখেন। তবে পরিবার ওঝার পেছনে অমূল্য সময় নষ্ট করায় শেষ রক্ষা হয়নি। সাপে কাটার দীর্ঘ ৩ ঘণ্টা পর যখন শিশুটিকে হাসপাতালে পৌঁছানো হয়, তার কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঘটনাটি তুলে ধরে আফসোস ও হতাশা ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরুল ইসলাম লেখেন, ‘পরিবারের ভুলে ও ওঝার ভণ্ডামিতে, মৃত্যুর মিছিলে যোগ দিলো আরো এক নিষ্পাপ প্রাণ… তবুও আমাদের সংগঠনের সম্মানিত পরিচালক ও লালমনিরহাট প্রতিনিধি, শাহজাহান ভাই হাসপাতালে কথা বলে এন্টিভেনম প্রয়োগের প্রস্তুতি করিয়ে নেয়। কিন্তু ওঝার কাছে মূল্যবান সময় অতিবাহিত করে বাচ্চার অবস্থার অবনতি হওয়ার ৩ ঘণ্টা পর হাসপাতালে নিয়ে গেলে, সে কিছুক্ষণ পরেই মারা যায়। আমরা কবে একটি সচেতন বাংলাদেশ পাবো? আদৌ পাবো কি-না, সংশয় হয়।’

সাপে কাটা রোগীদের ক্ষেত্রে ওঝার ঝাড়ফুঁক কিংবা কবিরাজি চিকিৎসা পরিহার করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করার জন্য দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ। কিন্তু মাঠপর্যায়ে এখনও সাধারণ মানুষের অসচেতনতা ও ভুল বিশ্বাসের কারণে এমন করুণ ঘটনা ঘটে চলেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন