পর্দায় আসছে সেনাবাহিনীর প্রথম প্রামাণ্য ধারাবাহিক ‘দুর্গে-দুর্গে শান্তি’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় সদাজাগ্রত বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব, ত্যাগ ও অদম্য সাহসের ইতিহাস এবার উঠে আসছে টেলিভিশনের পর্দায়। সুদূর আফ্রিকার সংঘাতময় প্রান্তর থেকে দেশের প্রত্যন্ত সীমান্তে শান্তি ও সংগ্রামের সাহসী যোদ্ধাদের নিয়েই তৈরি হয়েছে প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‌‘দুর্গে-দুর্গে শান্তি’। 

প্রামাণ্যচিত্রটি ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।

টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের অনুপ্রেরণায় নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় প্রামাণ্যচিত্রতে তুলে ধরা হয়েছে দেশ-বিদেশে সেনাবাহিনীর কার্যক্রমের অজানা গল্প। 

প্রামাণ্যচিত্রে উঠে এসেছে, মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাথা, পাহাড় ও সমতলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের নিঃস্বার্থ ভূমিকা, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিশ্বজয়ের গল্প, দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তার চিত্র এবং বাহিনীর আধুনিকায়ন।

‘দুর্গে-দুর্গে শান্তি’র নির্মাতা খাইরুল ইসলাম তুফান এ প্রসঙ্গে বলেন, সেনাবাহিনীর ইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয় স্পন্দিত হয়, এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে আমরা সে হৃদয়স্পন্দনই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এটি কেবল তথ্যের সমাহার নয় বরং জনগণ ও সেনাবাহিনীর মধ্যকার আস্থার সম্পর্ককে গভীর করার প্রয়াস। এর লক্ষ্য তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে খাইরুল ইসলাম তুফানের প্রতিষ্ঠান ‘পজিটিভ থিংক’। তার নির্মিত বাংলাদেশ পুলিশ বিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘সবুজ সংকেত’ পেয়েছে দর্শকপ্রিয়তা। এছাড়া ‘লজিক্যাল এইড: বিপদের প্রথম দরজা’ এবং ‘সুন্দরবন ও বাঘ রক্ষায়’ তার নির্মিত আন্তর্জাতিক তথ্যচিত্রগুলোও নজর কেড়েছে সবার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন