পাচার হওয়া টাকা ফেরত এনে ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডে ব্যয় করা হবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

বিগত স্বৈরাচারের পাচার করা টাকা ফেরত এনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডে ব্যয় করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, অনেকেই প্রশ্ন করেন টাকা কোথা থেকে আসবে। এই প্রশ্নটা স্বাভাবিক। বিগত স্বৈরাচারী সরকার অনেক টাকা বিদেশে পাচার করেছে। আমরা সেই টাকা ফেরত আনব। পাচার করা টাকা ফেরত এনে ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন জনসম্পৃক্ত কাজে ব্যয় করব।

তিনি বলেন, নির্বাচনের আগে আমি দেশের বিভিন্ন এলাকায় গেছি। বিগত সরকারের সময়ে দেশে তেমন কোনও উন্নয়ন কাজ হয়নি। মানুষ আমার কাছে অভিযোগ করে বলেছে- দেশে রাস্তাঘাট হয়নি, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্ট হয়নি, হাসপাতালে ডাক্তার নাই।

সরকারপ্রধান আরও বলেন, আমরা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের কথা বলেছিলাম। ইতোমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশের ১২ লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে।

এর আগে দুপুরে তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান সরকারপ্রধান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। শামিল হন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন।

পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

এরও আগে উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুর পৌনে ২টার দিকে সরকারপ্রধান এ কর্মসূচি উদ্বোধন করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন