প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও অপচয় রোধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মে ২০২৬, ০১:১৫ পিএম

সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপচয় এবং দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, অতীতে যেভাবে ঢিলেঢালাভাবে প্রকল্প চলেছে, বর্তমানে আর সেই সুযোগ নেই। সরকারের প্রতিটি পরিকল্পনার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং সেই সীমার মধ্যেই কাজ শেষ করার ওপর তিনি জোর দেন।

উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি যে ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনো চলমান। বারবার প্রকল্পের সংশোধনী আনা হয়েছে এবং এর ফলে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। প্রকল্প বাস্তবায়নে ঠিক কোথায় বাধার সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে এবং কীভাবে কার্যকরভাবে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

জেলা প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ভূমি অধিগ্রহণসহ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা যেসব সমস্যার মুখোমুখি হন, তা তারা লিখিতভাবে জানিয়েছেন। সরকার এসব সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে যেকোনো নতুন প্রকল্প গ্রহণের সময় কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। জনস্বার্থ রক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন