প্রতিপক্ষ জাপান, তবুও জিততে ‘আম্পায়ারের সাহায্য’ লাগলো ভারতের!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

প্রতিপক্ষ পুচকে জাপান। আর এই জাপানের বিপক্ষে ভারতের নাটকীয় জয়ের পর এবার সেই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে শেষ ওভারে গুরুত্বপূর্ণ সময়ে জাপানের একটি ওয়াইডের সিদ্ধান্ত বদলে দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। বিবিসি স্পোর্টসের প্রতিবেদন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ৩৯ ধাপের ব্যবধান। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে। তাতে দুই দলের শক্তির পার্থক্য অনেকটাই কমে আসে এবং জাপানের সামনে তৈরি হয় ঐতিহাসিক জয়ের সুযোগ।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই থামে ভারত। শুরুতেই আউট হন অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১২ বলে ১৬ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক হন। ভারতের ৩২ রানের সংগ্রহে জাপানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৩।

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ৪ বলে জয়ের জন্য জাপানের প্রয়োজন ছিল ৬ রান। ঠিক তখনই আসে বিতর্কিত মুহূর্ত। অক্ষর প্যাটেলের করা বলটি আলেকজান্ডার শিরাই-প্যাটমোরের লেগ সাইড দিয়ে যাওয়ায় আম্পায়ার প্রথমে ওয়াইডের সংকেত দেন। ওয়াইড হলে জাপানের স্কোরে আরও এক রান যোগ হতো।

কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে সঙ্গে সঙ্গে আপত্তি জানান অক্ষর ও সাঞ্জু স্যামসন। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও স্কয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলেন। এরপর দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত ওয়াইডের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন।

ফলে জাপানের স্কোরে যোগ হয়নি অতিরিক্ত এক রান। গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সিদ্ধান্ত বদলের পরই শুরু হয় তীব্র আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রিকেটপ্রেমী প্রশ্ন তোলেন, খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর কীভাবে মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

বিশেষ করে জাপানের সামনে যখন ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের বড় সুযোগ তৈরি হয়েছিল, তখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। যদিওবা ক্রিকেটের আইন অনুযায়ী, আম্পায়ার চাইলে কোনো সিদ্ধান্ত দ্রুত এবং বল ‘ডেড’ হওয়ার আগে পরিবর্তন করতে পারেন। কোনো সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থাকলে দুই আম্পায়ার নিজেদের মধ্যে পরামর্শও করতে পারেন।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট আইনে এমন সুযোগ রাখা হয়েছে। ফলে এই ঘটনায় আম্পায়ারদের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ ছিল কি না, সেটি নিয়ে আইনি দিক থেকে প্রশ্নের অবকাশ নেই।

তবে ম্যাচের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত বদল হওয়ায় জাপানের সম্ভাব্য ঐতিহাসিক জয়ের ম্যাচটি শেষ হওয়ার পরও বিতর্ক থামছে না। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাপান নির্ধারিত রান থেকে পিছিয়ে থাকে এবং মাত্র ২ রানে জয় পায় ভারত। তবে মাঠের ফল ভারতের পক্ষে গেলেও শেষ ওভারের সেই ওয়াইড বাতিলের ঘটনা এখন ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয়।

তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন