বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিরোধের প্রতীক এবং দেশের জন্য সর্বোচ্চ স্তরের দেশপ্রেমিক। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
শফিকুল আলম লিখেছেন, বেগম খালেদা জিয়া সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময় ছিলেন। তিনি দেশের মানুষের পাশে থেকে সর্বকঠিন সময়ে আশার আলো হয়ে উঠেছিলেন এবং তার আজীবন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত চেতনা সংজ্ঞায়িত করেছেন। তিনি নিজের পোস্টে আরও উল্লেখ করেন, খালেদা জিয়া তার নায়ক ও অনুপ্রেরণার উৎস ছিলেন। তিনি প্রার্থনা করেন, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্থান দান করুন এবং চির শান্তিতে বিশ্রাম করতে দিন।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর নিউমোনিয়ার পাশাপাশি তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা দেখা দেয়। চিকিৎসার পরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে সুপরিচিত। তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বেনজির ভুট্টোর পরে এই খেতাব অর্জন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দলনেত্রী ছিলেন।
