প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, গ্রেপ্তার আরও ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো. জাকির হোসেন শান্তকে ও গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা হতে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা।

মঙ্গলবার রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালায় ডিএমপি। এই হামলার ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন