প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি: তদন্তে ৪ সদস্যের কমিটি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ এএম

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)-কে সদস্য এবং ব্যবস্থাপক (আইন বিষয়ক)-কে সদস্য সচিব করে এই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর