প্রধানমন্ত্রীর ‘কৃষক কার্ড’ উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক মঙ্গলবার (১৪ এপ্রিল) সারাদেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন  করার লক্ষ্যে দেশের ৯টি জেলার ১০ উপজেলায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

মোতায়েনকৃত স্থানসমূহের মধ্যে রয়েছে- পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট ও বোদা উপজেলার বৈরাতী উচ্চ বিদ্যালয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উথলী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটরিয়াম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল, জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর, মৌলভীবাজারের জুড়ি উপজেলার বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 

এসব স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন করা হয়েছে।  বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। 

এর আগে, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছিলেন, কৃষক কার্ড কর্মসূচি প্রি-পাইলটিং, পাইলটিং এবং পরবর্তীতে দেশব্যাপী বাস্তবায়ন; এই তিন ধাপে সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেছেন, কৃষক কার্ড একটি ডিজিটাল ইউনিক পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যা কৃষকদের জন্য নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা ও প্রণোদনা পাওয়ার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল রূপান্তর ঘটবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর