প্রেমানন্দর আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি রুপি নেওয়ার অভিযোগ কোহলি-আনুশকার বিরুদ্ধে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ এএম

বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি রুপি গ্রহণের গুঞ্জন কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার দাবি, আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে করা এসব বৃন্দাবন সফর কোনো প্রচারের অংশ নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ।

সম্প্রতি রাধা কেলি কুঞ্জ আশ্রমের এক শিষ্য রসিক দুলারির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই প্রসঙ্গটি সামনে আসে। এরপর শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দিনেশ শর্মা, যিনি এলাকায় ফলাহারি মহারাজ নামেই পরিচিত, একটি চিঠি লিখে দাবি করেন যে, ২০২৩ সালে একটি বাণিজ্যিক নির্মাতা গোষ্ঠী ও একটি বেসরকারি প্রতিষ্ঠান আশ্রমটির পরিচিতি বাড়াতে কোহলিকে ওই বিশাল অংকের অর্থ দিয়েছিল।

তবে কোহলির প্রতিনিধিরা এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মুখপাত্র জানান, বিরাট কোহলি সম্পূর্ণ তার গভীর বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই প্রেমানন্দ মহারাজজির কাছে যান। আমরা এই দাবিগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গণমাধ্যমের প্রতি অনুরোধ, এ ধরনের বক্তব্য প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার আগে যথাযথভাবে তথ্য যাচাই করুন এবং দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করুন।

কোহলিকে অর্থ দেওয়ার এই অভিযোগের সপক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের প্রকাশ্য নথি, চুক্তি বা আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। যে কারণে দিনেশ শর্মার করা এই অভিযোগের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।

এর আগেও বিভিন্ন সময় কোহলি ও আনুশকাকে বৃন্দাবনে দেখা গেছে। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবারের মতো তারা একসঙ্গে এই পবিত্র স্থানে গিয়ে আধ্যাত্মিক আশীর্বাদ নেন। পরবর্তী বছরগুলোতেও তাদের নিয়মিত যাতায়াত বজায় ছিল। সর্বশেষ গত জুলাইয়ে বৃষ্টির দিনে খালি পায়ে হেঁটে তাদের আশ্রমে গিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার বাইরে বৃন্দাবনকে এই দম্পতি তাদের ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চার আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন। তাই এসব সফরকে কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি বা প্রচারণামূলক আয়োজন হিসেবে দেখার অবকাশ নেই বলেই জানানো হয়েছে।

সূত্র: ইন্ডল্জ এক্সপ্রেস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন