ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শনিবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, সম্প্রতি দুটি রাজনৈতিক হত্যার পরিপ্রেক্ষিতে নিহতের সহমর্মীদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধির একটি বক্তব্যকে ফলাও করে কয়েকটি পত্রিকায় তুলে ধরা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে অনুমিত। বিভিন্ন গণমাধ্যমে অসৎ উদ্দেশ্যে প্রকাশিত এ ধরনের কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এতে বলা হয়, পরিলক্ষিত হয়েছে যে, কোনো কোনো গণমাধ্যমে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার নামে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।
সংস্থাটি মনে করে, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা বা ভিউ বৃদ্ধির প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা কোনোভাবেই উপেক্ষিত হওয়া উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা এ ধরনের স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমনকি তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, সংস্থাটি একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কোনো ধরনের অপতথ্য, বিভ্রান্তি কিংবা দায়িত্বহীন কর্মকাণ্ডের সঙ্গে সংস্থার নাম জড়িয়ে দেওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলা একান্তভাবে কাম্য।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর প্রতি সংস্থাটির বিশেষ অনুরোধ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো কর্মকর্তা বা সদস্যের বক্তব্য গ্রহণ কিংবা সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্য ও বক্তব্যের জন্য সংস্থার মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করুন। বিশেষ করে কোনো দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত ও উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সাক্ষাৎকার প্রদান বা সংবাদমাধ্যমের সামনে আসার জন্য অনুরোধ বা প্ররোচিত করবেন না। এতে উদ্ধারকাজে নিয়োজিত জনবলের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হওয়ার আশঙ্কা থাকে।
ফায়ার সার্ভিস বলে, একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন, এমন কোনো কর্মকর্তা বা সদস্যের কাছ থেকে বক্তব্য গ্রহণের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রদানের যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। আমরা গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে এবং সংস্থাটিকে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ানো থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রমের নির্বিঘ্নতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা একান্তভাবে কাম্য বলে মন্তব্য করে সংস্থাটি।
