এক ম্যাচে ব্যাট হাতে লড়াই, আরেক ম্যাচে বল হাতে দাপট। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্তভাবেই এগিয়ে নিচ্ছে ইস্পাহানী কর্ণফুলী। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ফিজআপ ভুলুয়াকে ১১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ফিজআপ ভুলুয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে পিএইচপি চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইস্পাহানী কর্ণফুলী ও ফিজআপ ভুলুয়া। দুদলেরই এটি ছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। ফলে ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ ছিল দুই দলের সামনেই।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে ১১৯ রানে অলআউট হয় ইস্পাহানী কর্ণফুলী। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সাজ্জাদুল হক রিপন। ২৯ বলের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। মোহাম্মদ শহিদুল ইসলাম ২০ বলে ২১ এবং মিনহাজুদ্দিন সাকিব ২২ বলে ২০ রান করেন।
ইস্পাহানীর ব্যাটিং লাইনআপে বড় ধস নামান ফিজআপের এসএইচ রাইহান। মাত্র ২ ওভারে ৩ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তিনি। আহমেদ শরিফ ২.৫ ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিজআপ ভুলুয়াও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি।
ইস্পাহানীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ১১ রানের জয় পায় ইস্পাহানী কর্ণফুলী।
ফিজআপের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শাহরিয়ার আহমেদ। ৪২ বলের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আল আমিন রনি ১৪ বলে ১৯ এবং এসএইচ রাইহান ৭ বলে ১৩ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ফিজআপ। ইস্পাহানীর জয়ের অন্যতম নায়ক সাজেদ রিফাত। ৪ ওভারের দুর্দান্ত স্পেলে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। মো. ইরফান হোসাইন ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। মো. রুবেল ৪ ওভারে ৩৬ রান দিয়ে শিকার করেন আরও ২ উইকেট।
দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ ও সেরা বোলার নির্বাচিত হয়েছেন সাজেদ রিফাত। ফিজআপের শাহরিয়ার আহমেদ পেয়েছেন সেরা ব্যাটারের পুরস্কার। আর ব্যাট ও বল হাতে দলের হয়ে লড়াই করা এসএইচ রাইহান হয়েছেন ফাইটার অব দ্য ম্যাচ।
চার দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলছে তিনটি করে ম্যাচ। মোট সাত ম্যাচের এই আসরে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনালের পথে নিজেদের অবস্থান শক্ত করেছে ইস্পাহানী কর্ণফুলী। বিপরীতে দুই ম্যাচে দুই হার নিয়ে ফাইনালের সমীকরণ কঠিন হয়ে গেল ফিজআপ ভুলুয়ার জন্য।
