বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গভর্ন্যান্স ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাধীন পর্যালোচনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ফিফার অভ্যন্তরে বিভিন্ন বিতর্ক ও সমালোচনার মধ্যে এই প্রস্তাব সামনে এলো।
ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানান, আগামী ১৫ অক্টোবর জুরিখে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিলের বৈঠকে বর্তমান গভর্ন্যান্স কাঠামোর ওপর একটি স্বাধীন পর্যালোচনা কমিশনের প্রস্তাব দেবেন তিনি। এই পর্যালোচনার লক্ষ্য হবে বড় ধরনের কৌশলগত উদ্যোগে ফিফার সিদ্ধান্ত গ্রহণের কাঠামো মূল্যায়ন এবং প্রয়োজনীয় উন্নতির সুপারিশ করা।
এ ছাড়া ফিফার প্রেসিডেন্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করতে কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরামর্শের প্রস্তাবও দিয়েছেন। এতে প্রেসিডেন্ট, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের ভূমিকা এবং স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহি বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসবে।
তবে ইনফান্তিনোর প্রস্তাবে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বিক্রির উদ্যোগ বা ফোলারিন
বালোগুন-সংক্রান্ত বিতর্কের নির্দিষ্ট পর্যালোচনার প্রতিশ্রুতি নেই। ফলে এসব বিষয়ে নথি প্রকাশের দাবিতে চাপ অব্যাহত রয়েছে।
এদিকে ফিফার প্রায় ৬ বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ থেকে সদস্য দেশগুলোকে অর্থ দেওয়ার দাবিও জোরালো হয়েছে। উয়েফা ও কনকাকাফের শীর্ষ কর্মকর্তারা প্রতিটি জাতীয় অ্যাসোসিয়েশনকে অন্তত ১০ মিলিয়ন ডলার দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই ধরনের দাবি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনও। অক্টোবরে ফিফা কাউন্সিলের বৈঠকে গভর্ন্যান্সের পাশাপাশি সদস্যদের অর্থায়নের বিষয়টিও আলোচনায় থাকার কথা।
তথ্যসূত্র : হিন্দুস্থান টাইমস
