ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন শিক্ষার্থী, চারদিন পর মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ এএম

রাজবাড়ীতে নিখোঁজের চারদিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দাদসী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাড়ির কাছের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান রঘুনাথপুর গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে খাবারের সময় রোহানের মুঠোফোনে একটি কল আসে। খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৪টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনে কল করেন। তখন তার দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।

আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা লাঠি দিয়ে বস্তায় ধাক্কা দেন। এ সময় বস্তার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার, মীর মনির হোসেন বলেন, মরদেহটি একটি বস্তায় ভরে আরেকটি মাটিভর্তি বস্তার সঙ্গে বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। রোহান নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তার মুঠোফোনের তথ্যসহ পারিবারিক, প্রেমঘটিত ও বন্ধুদের বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিহত রোহানের দাদা মরহুম রোকন উদ্দিন চৌধুরী রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার ফুফাতো ভাই আরিফুল ইসলাম রোমান জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন