ফ্রি-কিকে ইন্টার মায়ামির হয়ে মেসি ১০১তম গোলের দেখা পেয়েছেন। তবে জয়ের হাসি হাসতে পারল না দল। সান দিয়েগো এফসির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে তার দল ইন্টার মায়ামি। এ নিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে ড্র দেখল মায়ামি।
ম্যাচে অ্যান্ডার্স ড্রেয়ারের গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি। সেখান থেকে দারুণ এক ফ্রি-কিকে সমতা ফেরান লিওনেল মেসি। চলতি মৌসুমে লিগে এটি তার ২০তম গোল। প্রথমার্ধের সমতার পর ৭৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে জয়ের দিকেই এগোচ্ছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ দিকে ড্রেয়ার নিজের দ্বিতীয় গোলটি করে সান দিয়েগোকে সমতায় ফেরান।
মায়ামির নতুন কোচ কিলি গনজালেসের অভিষেকের ম্যাচটি তাই জয়ে স্মরণীয় হতে পারেনি। তবে আক্রমণভাগের চেয়ে দলের রক্ষণভাগের ভুলভ্রান্তি নিয়েই বেশি ক্ষুব্ধ তিনি।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মায়ামি কোচ বলেন, আমরা এখানে মাত্র চার দিন হলো এসেছি, ঠিকমতো অনুশীলনের সুযোগও পাইনি। ডিফেন্সে আমাদের আরও শক্তিশালী হতে হবে। এভাবে ডিফেন্সের কঙ্কালসার অবস্থা নিয়ে খেলা যায় না, এতে বড় মাশুল গুনতে হয়।
তিনি আরও বলেন, জেতার মতো পরিস্থিতিতে থেকে এমন গোল হজম করা অবিশ্বাস্য। শেষদিকে গোলকিপার বাঁচিয়ে না দিলে ম্যাচটা হেরেও যেতে পারতাম। চ্যাম্পিয়ন্স কাপ জয়ের পর দলের মধ্যে কিছুটা আত্মতুষ্টি চলে এসেছে কি না, তা ভেবে দেখতে হবে। কারণ মায়ামির লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা।
সান দিয়েগোর বিপক্ষে এই ড্রয়ের পর ২২ ম্যাচে পয়েন্ট হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৩ নম্বরে নেমে গেছে ইন্টার মায়ামি। শীর্ষ স্থান থেকে তারা এখন ১১ পয়েন্ট পিছিয়ে। আগামী রবিবারে কলম্বাস ক্রুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে তারা।
