বিশ্বজয়ী হাফেজদের সম্মাননায় দেওয়া ‘নেক্সাস’ বইটি বির্তকের মুখে ফেরত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে বই নির্বাচনে সতর্কতা ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতি মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা দেওয়া ও রাষ্ট্রীয় স্বীকৃতি জানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে এমন সুমহান অনুষ্ঠানে ‘নেক্সাস’-এর লেখক ইউভাল নোয়াহ হারারির মতো ইসলামি আকিদা ও নৈতিকতার পরিপন্থী লেখকের বই উপহার হিসেবে দেওয়া মোটেও সমীচীন হয়নি। পরবর্তীতে ভুল অনুধাবন করে সরকার বিতর্কিত বইটি ফেরত নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এমন স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আলেম-ওলামাদের মধ্যে অসন্তোষ তৈরির পেছনে কোনো চক্রান্তকারী মহল যুক্ত থাকতে পারে। যারা সুকৌশলে এই বিতর্ক তৈরি করে সরকারের সুনাম বিনষ্ট করার চেষ্টা করেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
