বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম

অস্ট্রেলিয়া সফরের আগে ভারত ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে সাবেক পেসার লক্ষ্মীপতি বালাজিকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আগামী ২২ সেপ্টেম্বর পুদুচেরিতে শুরু হবে ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। বালাজির কোচিংয়ে দুটি মাল্টি-ডে ম্যাচ ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলবে ভারতীয় দল।

৪৪ বছর বয়সী লক্ষ্মীপতি বালাজির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০২ সালে। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। ২০১২ সালে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন এই সাবেক পেসার।
অবসরের পর গত এক দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বালাজি।

ভারত ‘এ’ দলের মাল্টি-ডে ম্যাচে দেবদত্ত পাড়িক্কলকে অধিনায়ক এবং সাই সুদর্শনকে সহ-অধিনায়ক করা হয়েছে। অন্যদিকে, ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বালাজির।

কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। চলতি বছরের শুরুতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসেবে যোগ দেন। এবার প্রথমবার ভারত ‘এ’ দলের হেডকোচের দায়িত্ব পেলেন তিনি। এর আগে তামিলনাড়ুর ঘরোয়া দলেরও প্রধান কোচ ছিলেন বালাজি। ভারতের হয়ে ৮ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি খেলেছেন বালাজি।

২০০৪ সালে পাকিস্তান সফরে তার নজরকাড়া পারফরম্যান্স অনেকেরই মনে আছে। আইপিএল ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করার নজিরও তার দখলে। সব মিলিয়ে ৭৩ আইপিএল ম্যাচে ৭৬ উইকেট রয়েছে তার নামের পাশে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় দলে একটি পরিবর্তনও হয়েছে। বিপ্রজ নিগমের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন অন্ধ্রপ্রদেশের অফস্পিনার টি বিজয়। শর্তসাপেক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে।

মাল্টি-ডে স্কোয়াড : 
আমন মোখাড়ে, আয়ুষ পান্ডে, দেবদত্ত পাড়িক্কল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), যশ রাঠোর, শেখ রশিদ, কুমার কুশাগ্র, শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ, প্রফুল্ল হিঙ্গে, এন জগদীশন, নচিকেত ভুটে, ভি বৈশ্য।

ওয়ানডে স্কোয়াড : 
প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রজত পতিদার, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, টি বিজয়, অর্শিন কুলকার্নি, আর্শাদ খান, নমন ধীর, হার্দিক পাণ্ডিয়া*, প্রভসিমরন সিং, গুরজপনীত সিং, যশ ঠাকুর।

তথ্যসূত্র : স্পোর্টস্টার, এই সময়

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন