বরগুনায় নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

বরগুনার তালতলী উপজেলায় নিজ ঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত শিক্ষার্থীর নাম স্বাধীন দাস (১৬)। তিনি প্রদীপ দাসের ছেলে এবং উপজেলার তালতলী পাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে স্বাধীন দাসের নানি কিরণ বালা তাকে ডাকতে ঘরে যান। একাধিকবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের সামনের বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনদের দাবি, ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

নিহতের মা কাকলী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, সম্প্রতি তিনি জানতে পারেন তার ছেলে মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিষয়টি জানার পর ছেলেকে বুঝিয়ে ওই সম্পর্ক থেকে সরে আসতে নিষেধ করেন তিনি। তার ধারণা, এ নিয়েই মানসিক চাপে পড়ে স্বাধীন এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর