বরিশালে বউ-শাশুড়ির যুদ্ধ গড়িয়েছে হত্যাকাণ্ডে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ এএম

বরিশালে বউ-শাশুড়ির যুদ্ধ গড়িয়েছে হত্যাকাণ্ডে। তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার সময় নিজে বাঁচতে ষাটোর্ধ্ব শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেছেন পুত্রবধূ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আট হাজার গ্রামে। ঘটনার পর পরই পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিৎ চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধা রুনু বেগম (৬২) আটহাজার গ্রামের খলিল পেশকারের স্ত্রী। গ্রেপ্তার পুত্রবধূ ফাতেমার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। তার স্বামী রেদওয়ান পেশকার পেশায় একজন পরিবহন চালক।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, ছেলে রেদওয়ান ঢাকায় পরিবহন চালক। শ্বশুর-শাশুড়ির সাথে গ্রামের বাড়িতে থাকতেন পুত্রবধূ ফাতেমা। সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসাও হয়েছে কয়েকবার।

নিহতের আরেক ছেলে কাওছার পেশকার জানান, বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ ছিলেন না। মা, ভাইয়ের স্ত্রী এবং সন্তান ছিলেন।

কাওসার বলেন, মা ঘরের সামনে বসা ছিলেন। ভাবি সামনে থেকে যাওয়ার সময় মায়ের গায়ে পা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায় ভাবি মাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিৎ চন্দ্র নাথ বলেন, ঘটনার পর খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে কাওসার বাদী হয়ে রাতেই হত্যা মামলা করেছেন।

তিনি জানান, শুক্রবার ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে জানিয়েছে, ঝগড়ার সময় শাশুড়ি রুনু বেগম ওড়না দিয়ে ফাতেমার গলায় ফাঁস দেয়। তখন ফাতেমা ছোটাছুটি করে শাশুড়ি রুনু বেগমের গলায় ওড়না পেঁচিয়ে ধরে। এতে শ্বাসরোধ হয়ে তিনি মারা যান।

অফিসার ইনচার্জ বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গ্রেপ্তার পুত্রবধূ ফাতেমাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি শুক্রবার নিহত রুনু বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন