বসতঘরের মেঝের নিচ থেকে ১৪ পদ্মগোখরা উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা মধ্যগ্রামে একটি বসতঘরের মেঝের টাইলসের নিচ থেকে ১৪টি বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা ও ২৮টি তাজা ডিম উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মলয় চন্দ্র দেবের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর একসঙ্গে এতগুলো বিষধর সাপ ও ডিম উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়।

বাড়ির মালিক মলয় চন্দ্র দেব জানান, শুক্রবার বিকেলে ঘরের মেঝের টাইলসের নিচ থেকে অস্বাভাবিক শব্দ ও সাপের উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ প্রতিনিধি মো. সুলেমানকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের মেঝের টাইলস ও নিচের মাটি সরিয়ে সাপগুলো উদ্ধারের কাজ শুরু করেন। একপর্যায়ে মেঝের নিচ থেকে ১৪টি জীবিত পদ্মগোখরা সাপের বাচ্চা ও ২৮টি ডিম উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা সাপ ও ডিম পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বসতঘরের মেঝের নিচে একসঙ্গে এতগুলো বিষধর সাপ ও ডিম পাওয়ার ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উদ্ধারকারীরা। এছাড়া বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং কোনো সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত অভিজ্ঞ উদ্ধারকর্মী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন