বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন যুবদল নেতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন (দুলু)-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে মো. দেলোয়ার হোসেন (দুলু)-কে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে দেলোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে বহাল হলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং নিজ পদে পুনর্বহালের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন