এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ-মালয়েশিয়া। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে খেলা শুরু হওয়ার কথা সকাল সাড়ে ১০টায়।
তবে নিশিন এলাকায় কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও বৃষ্টির শঙ্কা আছে। এমনকি টাইফুন আঘাত হানারও সম্ভাবনা আছে।
এদিকে এশিয়ান গেমসের নকআউট পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তাই দেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত হলে কোন দল সেমিফাইনালে উঠবে?
উত্তর—বাংলাদেশ। কারণ, কোয়ার্টার ফাইনালে খেলা না হলে বা ফল না এলে বিজয়ী নির্ধারণে বিবেচনায় নেওয়া হবে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিং। এই মুহূর্তে বাংলাদেশ আছে ৮ নম্বরে, মালয়েশিয়া ১৭তম পিছিয়ে ২৫ নম্বরে।
এবারের এশিয়ান গেমসে বৃষ্টি এরই মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। গ্রুপ পর্বে মালয়েশিয়া ও ওমানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া।
বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ মাত্র ২ রানে জিতেছিল। এবার মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান অথবা হংকং।
