তৃতীয় ম্যাচেও নিজেদের দাপট অব্যাহত রাখল ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দারুণ এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আর তাতেই হোয়াইটওয়াশের লজ্জা পেল লঙ্কানরা।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ করেনি লঙ্কানরা। দুই ওপেনার পাথুম নিসাঙ্গা এবং লাহিরু উদারা মিলে ওপেনিং জুটিতে ২২ রান তোলেন। ৭ বলে ১০ রান করে বিদায় নেন উদারা। তিনে নেমে সুবিধা করতে পারেননি কামিল মিশারা। ৫ বলে ২ রান করে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৭ রান তোলে শ্রীলঙ্কা।
টিকে থাকা ওপেনার পাথুম নিসাঙ্গা থেমেছেন পাওয়ারপ্লে শেষে। ২৪ বলে ৩৬ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরে যান নিসাঙ্কা। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কা এবং কামিন্দু মেন্ডিস মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। জুটিও গড়েছেন। যদিও বেশি লম্বা হয়নি দুজনের জুটি বা ইনিংস। আসালাঙ্কা থেমেছেন ১৪ বলে ১৬ রান করে। কামিন্দু টিকে ছিলেন। দাসুন শানাকা ক্রিজে এসেই বিদায় নিয়েছেন। ১৩ বলে ১২ রান করেন শানাকা।
কামিন্দু থেমেছেন দলীয় ১১৪ রানের মাথাতে। ২৮ বলে ৩৫ রানের ইনিংস খেলে বিদায় নেন কামিন্দু। মাত্র ১০ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছে লঙ্কানরা। হারিয়েছে টপাটপ উইকেট। একের পর এক ব্যাটারদের বিদায়ে ধসে পড়েছে শ্রীলঙ্কার ইনিংস। ১৮.৫ ওভার শেষে ১২৪ রান তুলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন উইল জ্যাকস, জফরা আর্চার এবং সনি বেকার। ১টি করে উইকেট নেন লিয়াম ডওসন এবং জেমি ওভারটন।
জবাব দিতে নেমে ইংল্যান্ড পেয়েছে উড়ন্ত শুরু। জস বাটলার এবং আনেউরিন ডোনাল্ড মিলে ওপেনিং জুটিতে তোলেন ২২ রান। ৬ বলে ১৩ রান করে বিদায় নেন ডোনাল্ড। এরপর বাটলারের সাথে যোগ দেন অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাট হাতে ঝড় তোলেন ব্রুক-বাটলার। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন সুদে-আসলে। একের পর এক বাউন্ডারিতে দলের বোর্ডে রানও তুলেছেন।
পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান তোলে ইংল্যান্ড। জয়ের বন্দোবস্ত অনেকটা সেখানেই হয়ে যায়। বাকি কাজটাও বেশ আরামেই সেরেছে ইংল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে বাটলার এবং ব্রুকের উইলোবাজি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন দুজন। ২১ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১০৭ রানের মাথাতে থেমেছেন অধিনায়ক হ্যারি ব্রুক। আরেক প্রান্তে বাটলারের ধুন্ধুমার ব্যাটিং থামানো যায়নি। ফিফটি ছুঁয়ে ফেলেন জস বাটলার।
চারে নেমে টম ব্যান্টনের কোনো কাজই করতে হয়নি। ফিফটি ছোঁয়া বাটলারের ব্যাটেই জয়ের বন্দরে চলে গেছে ইংল্যান্ড। ইনিংসের জন্য নির্ধারিত বলের অর্ধেকের চেয়েও কম বল খেলে জয় পেয়েছে ইংলিশরা। ৬২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ৩২ বলে ৬২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন জস বাটলার। শ্রীলঙ্কার হয়ে ১ উইকেট নেন থারিন্ডু রাথনায়েকে।
সহজ এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে করেছে হোয়াইটওয়াশ।
