বান্দরবানে সুবিধাবঞ্চিত ও রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

বান্দরবানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও রিকশাচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল, এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর অধীন এপেক্স ক্লাব অব কর্ণফুলী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবানে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষ ও রিকশাচালকদের হাতে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

এপেক্স ক্লাব অব কর্ণফুলীর সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলজি, পিএনপি এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন, এনএডি এপেক্সিয়ান ওমর ফারুক রাসেদ, সাঙ্গু ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান তৈয়বুর রহমান চৌধুরী, কর্ণফুলী ক্লাবের সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান পুষ্পেন দাশ, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. বেদার উদ্দিন, সাঙ্গু ক্লাবের সদস্য মো. কামরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জাতীয় স্কুলিং, জেলা কনভেনশন ও ন্যাশনাল কনভেনশনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত ও ব্যাপকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর সদস্যদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন