বার্সেলোনা গিয়েই বড় সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন রাফিনহা। যে কারণে দলের সঙ্গে ভারত সফরে না গিয়ে বার্সেলোনায় ফিরে যান ব্রাজিলিয়ান তারকা। আর সেখানে গিয়েই বার্সেলোনা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্লাবের জার্সিতে আসন্ন গেটাফে ম্যাচেই তার খেলা নিয়ে তৈরি হওয়া আশঙ্কা কেটে গেছে। গোল.কমের প্রতিবেদন। 

প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) বার্সেলোনার চিকিৎসকদের করা বিস্তারিত পরীক্ষায় রাফিনহার ডান উরুতে নতুন কোনো চোট বা গুরুতর সমস্যা ধরা পড়েনি। ফলে আগামী ১০ অক্টোবর স্পটিফাই ক্যাম্প ন্যুতে গেটাফের বিপক্ষে মাঠে নামার সুযোগ রয়েছে এই তারকার।

এর আগে গত মঙ্গলবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে ডান উরুতে আঘাত পান রাফিনহা। ম্যাচের একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের পর ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। সতর্কতা হিসেবে প্রথমার্ধের বিরতির পর তাকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। 

মূলত রাফিনহার ডান উরুর পেছনের অংশে সামান্য পেশির ফোলা বা মাসল এডিমা পাওয়া যায়। তাই দ্রুত সুস্থতার লক্ষ্যেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে তিনি বার্সেলোনায় ফিরে ফিরে পুনর্বাসন শুরু করেন। পরে পরীক্ষায় গুরুতর কোনও সমস্যা না পাওয়ায় বার্সেলোনার চিকিৎসকেরাও স্বস্তি পেয়েছেন।

রাফিনহার আগে একাধিকবার চোট পাওয়ার ইতিহাস থাকায় শুরুতে কিছুটা উদ্বিগ্ন ছিল বার্সা। গত মৌসুমেও একই জায়গায় চারবার অস্বস্তিতে পড়েছিলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। পুরো বিষয়টি নিয়ে ব্রাজিল দলের মেডিকেল টিমের সাথেও নিয়মিত যোগাযোগ রেখেছিল বার্সেলোনার চিকিৎসক দল।

তথ্যসূত্র : গোল.কম

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন