বার নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বার নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে কাউন্সিল অব বারস অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ইউরোপের আইনজীবী সমিতিগুলোর এই সংগঠনটি। সিসিবিই সভাপতি রোমান জাভর্শেক স্বাক্ষরিত ওই চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশে আইনজীবীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইরেগুলারিটিজ ইন সেভারেল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস শিরোনামের এই চিঠি সিসিবিই নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছে। ৪৬টি দেশের ১০ লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে এ সংস্থা।

ফ্রান্সভিত্তিক সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশ (জেএমবিএফ)-এর তথ্যের বরাত দিয়ে সিসিবিইর চিঠিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের একাধিক জেলা বার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র জমাদানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

কিছু প্রার্থীকে শারীরিকভাবে হয়রানি করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পুলিশ হস্তক্ষেপ করে প্রার্থিতা প্রত্যাহারে চাপ দিয়েছে এবং পূর্ববর্তী সরকারের সহযোগী আখ্যা দিয়ে অনেককে নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ এসেছে।

চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে তিনটি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো বার নির্বাচনে সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী অনিয়ম, বাধাদান ও সহিংসতার তদন্ত করা এবং সকল আইনজীবী যেন ভয়ভীতি ও হয়রানি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা।

আইনজীবীদের ভূমিকা নিয়ে জাতিসংঘের মৌলিক নীতিমালার ১৬, ১৭, ১৮ ও ২৩ অনুচ্ছেদের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেখানে আইনজীবীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার কথা বলা আছে।

এর পাশাপাশি আইন পেশার সুরক্ষা সংক্রান্ত নতুন ইউরোপীয় কনভেনশনে বাংলাদেশকে স্বাক্ষর ও অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে সিসিবিই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন