খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লবণচরা থানার আমতলা দ্বিতীয় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- লবণচরা এলাকার ডালিম খান (৪০), রানা ও আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮)। ডালিম খান ভাজাওয়ালা এলাকার মৃত নওয়াব আলী খানের ছেলে। রানা সোনার বাংলা গলির আনিসের ছেলে এবং নয়ন একই এলাকার নুরুল হকের ছেলে।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল আমতলা দ্বিতীয় গলিতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।
অভিযানকারী সংস্থার দাবি, গ্রেপ্তার ডালিম খান লবণচরা এলাকার পরিচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন ধারায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।
