কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে মেশিনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় কার্টন সিগারেট ও একটি মেশিন জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয় বলে জানান নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। প্রশাসন তখন কাউকে গ্রেপ্তার করতে না পারায় মেশিনটি পেরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। পরে ৫ আগস্ট সিগারেট তৈরির মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান একই থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি অবৈধ ডিপুতে অভিযান চালায়। এ সময় বিদেশি মেসি ব্যান্ডের ৬ কার্টুন সিগারেট জব্দ করে এবং চোরাই হওয়া সিগারেট তৈরির মেশিনটিসহ ৯ জনকে গ্রেপ্তার করে।
পেরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, প্রশাসন অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিনটি আমার জিম্মায় রাখে। চোরের দল ৫ আগস্ট মেশিনটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৬ আগস্ট নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানতে পারলাম চোরাই মেশিনটি চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলায় তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অভিযান চালাই। অভিযানে মেশিনসহ ৯জনকে গ্রেপ্তার করি। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
