বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করা জরুরি। যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানায় যারা বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া, বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত পদক্ষেপ নিতে বলেন তিনি।

বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগার কারণে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। এ ছাড়া, বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাকেও বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন