বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা: সায়েদুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তবর্তী সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদান সম্পন্ন হলো। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নবনিযুক্ত চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আজ রবিবার রাজধানীতে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্তদের যোগদান অনুষ্ঠানে তিনি  এসব কথা বলেন। এই বিসিএসে নিয়োগ পেয়েছেন ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক।

তিনি বলেন, নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে। পদায়নের ক্ষেত্রে মানবিকতার বিষয়টাও খেয়াল রাখছি। দম্পতি যারা বা যাদের স্বামী/স্ত্রী চাকরি করেন তারা একই জায়গায় পদায়নে অগ্রাধিকার পাবেন, দুরারোধ্য কোনও ব্যাধি থাকলে তার পছন্দ বিশেষ বিবেচনা করব। এই পদায়ন মেধাভিত্তিক হবে, এই মেধার সঙ্গে মানবিক উপাদানও যুক্ত থাকবে।

নতুন চিকিৎসকদের নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করবো তরুণ এই চিকিৎসকরা স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার পর, যেহেতু তাদের নির্বাচন প্রক্রিয়া ন্যায্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল, এরা যখন ন্যায্যতার ভিত্তিতে পদায়িত হবে, তাদের সংযুক্তির ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বিষয় দেখা যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। এর আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর