বুধবার, ১৭ জুন ‘বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস’ উপলক্ষে নাটোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের নাটোর শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয়ের সাধারণ ও আগ্রহী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, পরিবেশ সুরক্ষায় এ বছর নাটোর জেলায় ১০ হাজার গাছ লাগানোর একটি বৃহৎ কর্মসূচি চলমান রয়েছে এবং এই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে নাটোর শহর শাখার যুব প্রধান মো: নাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, চিরচেনা পৃথিবীকে মরুভূমি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার একমাত্র হাতিয়ার হলো বেশি বেশি বৃক্ষরোপণ। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ নাটোর গড়তে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নাটোর শহর শাখার যুব প্রধান মো: নাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপ-যুব প্রধান ফাহিম রেদোয়ান, আরমান, রাফিদ এবং আতিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
