বাবা বীরেন্দ্র শেবাগের পথেই এগিয়ে চলেছেন ছেলে আর্যবীর। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন ভারতের এই তরুণ ওপেনার। পাঁচ ম্যাচে ৩৬১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। তার ব্যাটিং গড় ৯০.২৫।
শনিবার পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচান্দানির নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হওয়ায় নবমবার এশিয়াসেরা হল ভারত। ফাইনালে পাকিস্তানের বিশাল ৩৩৭ রান তাড়া করে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ৬১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আর্যবীর।
ম্যাচের পর বিশাল রান তাড়া করার পরিকল্পনা নিয়ে মুখ খুলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। আর্যবীর জানান, ড্রেসিংরুমে তাদের আত্মবিশ্বাসের কোনও অভাব ছিল না। উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল হওয়ায় স্বাভাবিক ক্রিকেট খেলেই লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে আশাবাদী ছিল গোটা দল।
আর্যবীর বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের আলোচনা হয়েছিল, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা যদি স্বাভাবিকভাবে ব্যাটিং করি এবং নিজেদের চেনা শট খেলি, তাহলে রান তুলে নিতে পারব। আমাদের বিশ্বাস ছিল, এই রান আমরা তাড়া করে জিততে পারব।’
ফাইনালে ৩০০-র বেশি রান তাড়া করতে নামলেও পরিকল্পনায় কোনও বদল আনেনি ভারতীয় দল। আর্যবীর জানান, দলের বৈঠকে শেষ ১০ ওভারে ১০০ থেকে ১২০ রান তোলার প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছিল। সেই সঙ্গে একজন ব্যাটারের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
বীরু-পুত্র বলেন, ‘আমাদের দলের বৈঠকে আলোচনা হয়, কীভাবে শেষ ১০ ওভারে ১০০ বা ১২০ রান তোলা যায়। উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তাই কাউকে না কাউকে শেষ পর্যন্ত ব্যাট করতে হত। লক্ষ্য সেই কাজটাই করেছে। ওকে কৃতিত্ব দিতেই হবে। শেষের দিকে মোহিত ও মানাল যা করেছে, তা অসাধারণ।’
এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর বাবা বীরেন্দ্র শেবাগের সঙ্গে কথা হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে আর্যবীর বলেন, ‘এখনও বাবার সঙ্গে কথা হয়নি। পরে কথা বলবো।’
