বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত আবুল কাসেম ফজলুল হক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দাফন সম্পন্ন হয়। এর আগে দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হোন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক।

এদিন সকালে বাংলা একাডেমিতে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। তবে প্রবল বৃষ্টির কারণে শুরুতে সেখানে কফিন নামানো সম্ভব হয়নি। পরে বেলা সাড়ে ১২টার দিকে কলা অনুষদের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর