বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ রবিবার (৩ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য করেন তিনি। এ সময় দেশের বিমানবন্দরসমূহে দায়িত্ব পালনরত অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা, বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ডিউটি পোস্টে যাতায়াতের জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। এ টার্মিনালে অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও যাত্রীসেবায় আনসার সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দক্ষতার প্রশংসা করেন। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আনসার সদস্যদের একটি নির্ভরযোগ্য ও অপরিহার্য অংশীদার হিসেবে উল্লেখ করে, তাদের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
দেশের সকল বিমানবন্দরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর অধীনে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। নিরাপত্তা তল্লাশি, স্থাপনা সুরক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আনসার সদস্যরা ধারাবাহিকভাবে দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের স্বাক্ষর রেখে চলেছে।
