সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ড্যারিল মিচেলের ফিফটির পরও গুরনোর ব্রারের ৪ উইকেটে ১৩৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বৃষ্টির বাগড়ার ম্যাচে রান তাড়ায় ৭ উইকেটে ১১৩ রান তোলে ভারত। এরপর বৃষ্টি আইনে ৪ রানের জয় পায় শুবমান গিলের দল।
ওয়েলিংটনে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। আকিব নবী শুরুতেই দুই ওপেনার উইল ইয়াং ও টিম সেইফার্টকে ফেরান। ইয়াং মাত্র ৬ রান করলেও রানের খাতা খুলতে পারেননি টিম সেইফার্ট। এরপর আনশুল কাম্বোজ ১১ রান করা হেনরি নিকোলসকে ফিরিয়ে দিলে নিউজিল্যান্ডের স্কোর দাড়ায় ৩ উইকেটে ২৩ রান।
সেখান থেকে ৩০ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। এরপর কিউই মিডল অর্ডার ভেঙে দেন গুরনোর ব্রার। একই ওভারে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসকে ফেরান তিনি। ইনিংস বড় করতে পারেননি ল্যাথাম(২২ বলে ৭ রান), ফিলিপস ফিরেছেন শূন্য হাতে। তারপর ড্যারিল মিচেলের সাথে ৫৯ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার।
ব্ল্যাকক্যাপস অধিনায়ক মিচেল স্যান্টনারকে প্যাভিলিয়নের পথ দেখান গুরনোর ব্রার। ৩৮ বলে ১ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন স্যান্টনার। পরে নাথান স্মিথকে সাজঘরে ফিরিয়ে দেখা পান নিজের চতুর্থ উইকেটের। মিচেল ফিফটির দেখা পেলেও শেষ পর্যন্ত ১৩৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫ চার ও ২ ছক্কায় ১০৪ বলে ৫৫ রান করেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে ৩০ রান দিয়ে চার উইকেট নেন গুরনোর ব্রার।
রান তাড়ায় কিউই পেসারদের তোপের মুখে পড়ে ভারত। জ্যাকব ডাফি দুই টপ অর্ডার ব্যাটারকে ফেরান। অধিনায়ক শুবমান গিল গোল্ডেন ডাক মারেন, কোহলি মাত্র সাত রানে ফিরে যান সাজঘরে। ২৩ রান করা রোহিত শর্মা ছন্দে ফেরার আগেই আউট হন। চারটি বাউন্ডারি মারার পর কাইল জেমিসনের শিকার হন। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ব্যর্থ হন। থার্ড ম্যানে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেন মাত্র ৭ রান। ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ রানে ৪ উইকেট।
এরপর শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল হাল ধরেন। ৩৯ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান তারা। ৪৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফেরেন আইয়ার। এরপর নামান ধীর দুইটি চার হাঁকিয়ে রানের গতি বাড়ান। ১২ রানের বেশি করতে পারেননি তিনি। জেমিসন তার শেষ ওভারে আনুশল কম্বোজকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন।
এরপর ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। সেসময় ভারতের স্কোরবোর্ডে ছিল ৭ উইকেটে ১১৩ রান। লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ৩৮ বলে দুইটি করে চার ও ছক্কায় সাজানো ২৬ রানে, ১ রানে অপরাজিত ছিলেন আকিব নবী। বাকি থাকা ২১ ওভারে ভারতের জিততে প্রয়োজন ছিল ২২ রানের, হাতে ছিল তিন উইকেট। শেষ পর্যন্ত খেলা না গড়ানোয় ডাক ওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ৪ রানের জয় পায় ভারত।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ১০ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামিল্টনে মুখোমুখি হবে দুই দল।
