ব্রাহ্মণপাড়ায় দুই মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক সেবনের দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব তথ্য জানায়। এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা রামচন্দ্রপুর এলাকায় টানাব্রিজ-মন্দবাগ সড়কে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ২০ কেজি গাঁজাসহ রাকিব হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ সময় ওই ইউনিয়নের মল্লিকাদিঘী-নারায়ণপুর সড়কের পাশের কাদাযুক্ত ধানক্ষেত থেকে ৮ কেজি গাঁজাসহ হোসেন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত চার আসামি শিউলি আক্তার, মিটন চন্দ্র দাস, পাখি আক্তার ওরফে শিউলী আক্তার এবং শরীফ হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের হাবিবুর রহমানকে (৪০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন