টাঙ্গাইলের মধুপুরে ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম-দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ২ হাজার ২৬২টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাঙাড়ি ব্যবসায়ী মো. ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে।
উদ্ধার করা বইয়ের মধ্যে রয়েছে ইংরেজি ব্যাকরণ ৬০০টি, বাংলা ব্যাকরণ ৪৬৮টি, গণিত ৩১২টি, বাংলা সাহিত্য ১৫০টি এবং বাংলা সহপাঠ ৪২০টি।
আটক ইব্রাহীম হোসেনের দাবি, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি প্রতি কেজি ২০ টাকা দরে এসব বই কিনেছেন।
তবে বই বিতরণের দায়িত্বে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি করেন, তার অগোচরেই এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দীন বইগুলো জব্দের ব্যবস্থা করেন।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি পাঠ্যবই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কীভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।
